একাধিক ডিভাইস সমর্থন করবে হোয়াটসঅ্যাপ

২ এপ্রিল, ২০২০ ০০:৪৬  
অনেক দিন ধরেই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। গত বছর আইফোন বেটা সংস্করণে প্রথম এই ফিচার দেখা গিয়েছিলো। এই ফিচারে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একাধিক ডিভাইসে একই সঙ্গে লগ ইন করা যাবে। এবার অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে ফিচারটি আনা হয়েছে। খবর এনডিটিভি। নতুন সুবিধার ফলে একের অধিক ডিভাইসে একই সঙ্গে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। একাধিক ডিভাইস থেকে লগইন করলে সব চ্যাট কনট্যাক্টকে সেই বিষয়ে জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। যেহেতু সেবাটিতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকে তাই নতুন ডিভাইস অ্যাড করলে নতুন এনক্রিপশন কি যোগ করতে হবে। এছাড়াও সাম্প্রতিকতম বেটা সংস্করণে ডিলিট মেসেজ ফিচার সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। এক্সপায়রিং মেসেজ নামে এই ফিচারে কোনো মেসেজ পাঠানোর পরে তা নির্দিষ্ট সময় পরে ডিলিট হয়ে যাবে। কত সময় পরে মেসেজ ডিলিট হবে তা ঠিক করতে পারবেন গ্রাহক। ডিবিটেক/বিএমটি